খুলনার দৌলতপুরে মাছের ঘের থেকে ভাসমান মরদেহ উদ্ধার
সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: খুলনার দৌলতপুরে একটি মাছের ঘের থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, মরদেহটি গত কয়েক দিন ধরে নিখোঁজ থাকা স্থানীয় যুবক মণিরুল ইসলাম রনির (২৩) হতে পারে।
গতকাল বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল পশ্চিমপাড়া বাইপাস এলাকার নাসিরের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে উদ্ধার করে।
মরদেহের পরনে থাকা পোশাক ও বেল্ট দেখে স্থানীয়রা এবং স্বজনরা ধারণা করছেন, এটি মহেশ্বরপাশা পশ্চিমপাড়া (ঘোষপাড়া) এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মণিরুল ইসলাম রনির মরদেহ। রনি বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন এবং তাঁর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি কোনো দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের পরিচয় শতভাগ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
|