মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতকর্মীসহ ৬ জন গ্রেফতার
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও শোডাউনের প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় মুরাদনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৫৫ মিনিটে মুরাদনগর সদর ইউনিয়নের আলীরচর চান্দ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মী দলবদ্ধ হয়ে মিছিল ও শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন। এলাকায় জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন ও সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল কলেজ মাঠে দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—জাহিদুল ইসলাম (২১), সাকিব (১৯), ইব্রাহিম (২০), নুরুজ্জামান (২১), মেহেদী মমিন সাহেদ (২২) এবং সাইফুল (১৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছয়জনের মধ্যে তিনজনের বাড়ি পার্শ্ববর্তী তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে এবং বাকি তিনজনের বাড়ি মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় এজাহারনামীয় ২২ জনসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আটক ছয় আসামিকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
|