জার্মানিকে হারানোর উল্লাসে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা ইকুয়েডরের

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ণ
জার্মানিকে হারানোর উল্লাসে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা ইকুয়েডরের
নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার ঐতিহাসিক সাফল্যের উল্লাসে ভাসছে ইকুয়েডর। এই জয় উদযাপন করতে শুক্রবার (২৬ জুন) দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও ইকুয়েডর। খেলার শুরুতেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে দমে যায়নি দক্ষিণ আমেরিকার দলটি। সাত মিনিটের মাথায় নিলসন আঙ্গুলো সমতা ফেরান। এরপর ম্যাচের ৭৭তম মিনিটে গঞ্জালো প্লাতার দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইকুয়েডর। এই জয়ে আটটি তৃতীয় সেরা দলের একটি হিসেবে নকআউটে নিজেদের জায়গা পাকা করে নেয় তারা।

ইকুয়েডর সরকারের পক্ষ থেকে এই জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে সরকারি ও বেসরকারি খাতের সবার জন্য ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া নিজে স্টেডিয়ামে উপস্থিত থেকে দলের এই জয় উপভোগ করেছেন। জয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপনের ভিডিও পোস্ট করেন।

প্রেসিডেন্ট নোবোয়া তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি খেলোয়াড় ও কোচকে ধন্যবাদ জানাই। নানা সমালোচনা ও কঠিন পরিস্থিতির মোকাবিলা করে তারা পুরো দেশের জন্য এই বিশাল আনন্দ নিয়ে এসেছে।” জার্মানির বিপক্ষে এই জয় ইকুয়েডরের ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন