গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে। বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।” তিনি আরও বলেন, গুমের মতো অমানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে সরকারের আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে। সব ধরনের লড়াই-সংগ্রামে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এখন কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায় ও ন্যায়বিচার পাওয়ার।” তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং গুমের ঘটনা পর্যালোচনায় একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বিগত শাসনামলগুলোতে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন এবং ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।
জান্নাত সকালবেলা
|