বিজয়নগরে গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ
বিজয়নগরে গাঁজাসহ নারী গ্রেপ্তার

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মোছাঃ রুমানা আক্তার (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত রুমানা আক্তার কাশিনগর মধ্যপাড়া (আটাশ কলোনি) এলাকার মোঃ ইউনুছ প্রকাশ ইনসাফ আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদক এনে নিজ বাড়িতে মজুত করা হয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রুমানা আক্তারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে থানার এসআই কুদ্দুস আলী স্থানীয় উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেন এবং মাদক কারবারে সরাসরি জড়িত থাকার অভিযোগে রুমানা আক্তারকে গ্রেপ্তার করেন।

এই মাদক উদ্ধারের ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, যার এফআইআর নম্বর-৪৮।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “মাদকের কুফল থেকে সমাজকে রক্ষা করতে আমাদের এই বিশেষ অভিযান একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তারকৃত নারী আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। বিজয়নগর উপজেলাকে মাদকযুক্ত করতে পুলিশের এই কঠোর ও জিরো টলারেন্স অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন