৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক: ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপ মাতাতে প্রস্তুত। চলমান বিশ্বকাপে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার এই দুই জায়ান্ট। আর তাদের এই অগ্রযাত্রায় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে স্বপ্ন দেখা দিচ্ছে—৩৬ বছর পর আবারও কি বিশ্বকাপে মুখোমুখি হবে ‘সুপার ক্লাসিকো’?
টুর্নামেন্টের নিয়ম ও ড্র অনুযায়ী, ব্রাজিল ও আর্জেন্টিনা যদি রাউন্ড অব ৩২, শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনালের কঠিন বাধাগুলো সফলভাবে টপকাতে পারে, তবে সেমিফাইনালেই একে অপরের মুখোমুখি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। হাইভোল্টেজ এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী
আর্জেন্টিনা: বর্তমান চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই নকআউট নিশ্চিত করেছে। গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে জর্ডানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল।
ব্রাজিল: গ্রুপপর্বে মরক্কোর সাথে ১-১ ড্র দিয়ে শুরু করলেও, পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপানের মধ্য থেকে কোনো একটি দল।
দুই দলের মধ্যকার দ্বৈরথ বরাবরই উত্তেজনার পারদ বাড়িয়ে দেয়। এখন পর্যন্ত অফিশিয়াল ১০৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে আর্জেন্টিনা ৪১টিতে এবং ব্রাজিল ৩৯টিতে জয় পেয়েছে। ২৬টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এবার যদি সেমিফাইনালে তাদের দেখা হয়, তবে সেই লড়াই যে পরিসংখ্যানের পাতায় নতুন মাত্রা যোগ করবে, তাতে সন্দেহ নেই।
জান্নাত সকালবেলা
|