ব্রাজিল ম্যাচ নিয়ে যা বললেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ
ব্রাজিল ম্যাচ নিয়ে যা বললেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু
সংবাদ সম্মেলনে কথা বলছেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের মঞ্চে এখনো কখনো কোয়ার্টার ফাইনালে পা রাখতে পারেনি সূর্যোদয়ের দেশ জাপান। এবার শেষ আটের স্বপ্ন তো দূরে থাক, শেষ ষোলো নিশ্চিত করার আগেই এশিয়ার এই পরাশক্তিকে পড়তে হচ্ছে এক কঠিন অগ্নিপরীক্ষায়। আসরের হাইভোল্টেজ ‘রাউন্ড অব থার্টি টু’ বা শেষ বত্রিশের ম্যাচে তাদের লড়তে হবে পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে।

আজ ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১–১ গোলে ড্র করে জাপান। আর এই সমীকরণের মধ্য দিয়েই নিশ্চিত হয় ফুটবলপ্রেমীদের বহুল কাঙ্ক্ষিত জাপান-ব্রাজিল লাইনআপ।

স্বাভাবিকভাবেই ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হলে গণমাধ্যমকর্মীদের সব প্রশ্নের কেন্দ্রবিন্দুতে ছিল সেলেসাওদের বিপক্ষে এই আগামী দিনের লড়াই। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু জানান, ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে মাঠে নামাটা তাদের দলের জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। তবে একই সঙ্গে তিনি এটিও মনে করিয়ে দেন যে, ম্যাচটি জেতার এবং পরের রাউন্ডে যাওয়ার সমান সুযোগ জাপানেরও রয়েছে।

আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ষোলোয় ওঠার মহালড়াইয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ব্লু সামুরাইরা। অতীতে কখনো শেষ আটে খেলার অভিজ্ঞতা না থাকলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী মরিয়াসু। এক গণমাধ্যমকে বলেন, “এটি আমাদের জন্য দুর্দান্ত একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল নিঃসন্দেহে একটি নিখুঁত দল। কিন্তু আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আমাদেরও ম্যাচটি জেতার এবং পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। আমরা সেই সুযোগটি লুফে নিতে চাই এবং সেভাবেই নিজেদের প্রস্তুত করছি।”

জাপান যে এখন আর আগের মতো সহজ প্রতিপক্ষ নয়, সেটি মনে করিয়ে দিয়ে মরিয়াসু গত বছরের একটি ম্যাচের উদাহরণ টানেন। গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল জাপান। সেই ম্যাচের স্মৃতি হাতড়ে কোচ বলেন, “ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচটিতে আমরা জয় পেয়েছিলাম। হয়তো সেই হারের প্রতিশোধ নিতে এবার ওরা আমাদের বিপক্ষে আরও বেশি অনুপ্রাণিত হয়ে মাঠে নামবে। তবে আমিও এই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

একসময় জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়কে কেবল সময়ের ব্যাপার মনে করা হলেও, বর্তমানে বিশ্ব ফুটবলের সমীকরণ যে বদলেছে তা স্পষ্ট মরিয়াসুর কণ্ঠে। তিনি এক গণমাধ্যমকে জানান, “প্রীতি ম্যাচে আমরা প্রমাণ করেছি, আমাদের হারানো এখন আর অতটা সহজ নয়। এটি আমাদের ফুটবলের এক বিশাল অগ্রগতি। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের যথেষ্ট সম্মান করি। তবে মাঠের লড়াইয়ে ৯০ মিনিটে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জেতার সমান সুযোগ থাকবে।”

মন্তব্য করুন