বিশ্বকাপের মাঝেই নিষেধাজ্ঞা পেল একটি দেশ

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
বিশ্বকাপের মাঝেই নিষেধাজ্ঞা পেল একটি দেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞের মাঝেই বড় ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়ল দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএনএফএ) সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

ফিফার পক্ষ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, দেশটির ফুটবলের অভ্যন্তরীণ পরিচালনা ব্যবস্থায় ‘তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপ’ রয়েছে। নেপালের ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ সংস্থা ‘ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল’ এবং এএনএফএ-এর মধ্যে চলমান বিরোধই এই নিষেধাজ্ঞার মূল কারণ। ফিফার আইন অনুযায়ী, প্রতিটি দেশের ফুটবল সংস্থাকে সরকারি হস্তক্ষেপমুক্ত ও স্বাধীনভাবে পরিচালিত হতে হয়, যা নেপালের ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা।

এই নিষেধাজ্ঞার ফলে নেপাল এখন থেকে কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। পাশাপাশি, ফিফার যেকোনো উন্নয়নমূলক কর্মসূচি, প্রশিক্ষণ ও কোর্স থেকেও বঞ্চিত থাকবে দেশটির ফুটবলার ও কর্মকর্তারা।

এএনএফএ’র মুখপাত্র সুরেশ শাহ ফিফার এই সিদ্ধান্তকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তবে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে যে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট নিরসন করা সম্ভব হবে। ফিফা জানিয়েছে, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যদি তাদের হস্তক্ষেপমূলক সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে নেয় এবং এএনএফএ-কে স্বাধীনভাবে নির্বাচন সম্পন্ন করার সুযোগ দেয়, তবেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন