সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'
বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’ নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী সারিকা সাবরিন। নির্মাতা সালেহ সোবহান অনীমের পরিচালনায় এই সিরিজটি দর্শকদের মধ্যে সাড়া ফেলবে বলে বিশ্বাস তার।
দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা সারিকা জানান, ট্রেলার প্রকাশের পর পরিচিতজন ও সহকর্মীদের কাছ থেকে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। সারিকা বলেন, “হইচই বাংলা কনটেন্টের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। মেধাবী নির্মাতা এবং শক্তিশালী অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এই সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় থাকবে বলেই আমার বিশ্বাস।” সিরিজটিতে সারিকা ‘দোলন’ নামের একটি রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন।
প্রায় দেড় যুগের ক্যারিয়ারে সারিকা এখন কাজ বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। অভিনয়ে অনিয়মিত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি কাজ করতে চাই, কিন্তু ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের প্রস্তাব আমার কাছে খুব কম আসে। ভালো চিত্রনাট্য ও গুণী নির্মাতার সংমিশ্রণ পেলে আমি কখনোই কাজের সুযোগ হাতছাড়া করি না।” একই ধরণের গল্পের পুনরাবৃত্তির কারণেও তিনি অনেক নাটক থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বলে জানান।
সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, এর ফলে তিনি নিজের মতো করে নিরিবিলি জীবন যাপন করতে পারছেন। এছাড়া আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘অ্যানি’ নামক আরেকটি ওয়েব সিরিজ নিয়েও সারিকা বেশ আশাবাদী, যার বিশ্ব প্রিমিয়ার সম্প্রতি জার্মানির কোলনে অনুষ্ঠিত হয়েছে। নতুন কয়েকটি প্রকল্প নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।
জান্নাত সকালবেলা
|