ইউটিউবে ম্যাচ কভারেজ নিয়ে বিপাকে ফিল টাফনেল ও স্টিভেন ফিন
অনলাইন ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বেশ কয়েকজন জনপ্রিয় ও পরিচিত ক্রিকেট ধারাভাষ্যকারকে একটি নতুন ইউটিউব শো-তে যুক্ত হওয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে। এই তালিকায় ইংল্যান্ডের সাবেক তারকা খেলোয়াড় ও ধারাভাষ্যকার ফিল টাফনেল এবং স্টিভেন ফিন-এর মতো হেভিওয়েটরা রয়েছেন। বোর্ডের স্পষ্ট নির্দেশনার পরও তারা যদি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের সময় ওই শো-তে অংশ নেন, তবে আগামী গ্রীষ্মের অ্যাশেজ সিরিজের জন্য তাদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল হতে পারে।
বিবিসি’র ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ (টিএমএস)-এর পরিচিত মুখ এবং বিশিষ্ট ধারাভাষ্যকাররা ‘দ্য ইউজুয়াল ভয়েসেস’ (টিইউভি) নামের একটি নতুন ‘ওয়াচঅ্যালং’ শো-তে কাজ করতে সম্মত হওয়ার পর থেকেই এই বিরোধের সূত্রপাত হয়। লন্ডন থেকে রেকর্ড হতে যাওয়া এই অনুষ্ঠানে ধারাভাষ্যকাররা টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখে দর্শকদের সঙ্গে নিজেদের মতামত ও প্রতিক্রিয়া শেয়ার করবেন।
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক ও তারকা পেসার প্যাট কামিন্স-এর অন্যতম প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ান কোম্পানি ‘ক্রিকেট এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক’ (সিইএন) এই শোটি চালু করছে। ফিল টাফনেল ও স্টিভেন ফিন ছাড়াও এই প্রজেক্টে ড্যানিয়েল নরক্রস, অ্যালেক্স হার্টলি, ভিক মার্কস, অ্যান্ডি জাল্টজম্যান, ইবনি রেইনফোর্ড-ব্রেন্ট, সাইমন মান, ডেভিড গাওয়ার এবং সাইমন হিউজদের মতো প্রবীণ ও তারকা ব্যক্তিত্বদের যুক্ত থাকার কথা রয়েছে।
যদিও বিবিসি এই বিষয়টি নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয়, কারণ দক্ষিণ আফ্রিকা সফরের সময় তাদের টিএমএস ধারাভাষ্যকারদের জন্য কোনো শীতকালীন সম্প্রচারের ব্যস্ততা নেই এবং সিরিজটির রেডিও স্বত্ব এরই মধ্যে ‘টকস্পোর্ট’ কিনে নিয়েছে; তবুও ইসিবি এই ব্যবস্থায় অত্যন্ত ক্ষুব্ধ।
বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সতর্ক করে বলেছেন, এই ধরনের নতুন ইউটিউব শো ‘টকস্পোর্ট’-এর কেনা অফিশিয়াল সম্প্রচার স্বত্বের আর্থিক মূল্য কমিয়ে দিতে পারে। বালিতে আইসিসি সভায় অবস্থানকালে ‘টেলিগ্রাফ স্পোর্ট’-কে তিনি বলেন, সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্ত অর্থ ক্রিকেট বোর্ডগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। এই অর্থ সংশ্লিষ্ট দেশের খেলোয়াড়দের পারিশ্রমিক এবং খেলা পরিচালনার কাজে ব্যয় হয়। ইসিবি চায় না যে কোনো অনানুষ্ঠানিক কার্যক্রম বা প্রচারণার কারণে অফিশিয়াল সম্প্রচারকদের স্বার্থ ক্ষুণ্ণ হোক।
রিচার্ড গোল্ড আরও স্পষ্ট করে জানান, ইউটিউবের এই ‘ওয়াচঅ্যালং’ অনেকটা অনানুষ্ঠানিক রেডিও স্টেশনের মতো কাজ করছে, যা কোনো মূল্য পরিশোধ না করেই টেস্ট ম্যাচের ধারাভাষ্য প্রচার করছে। ইসিবি প্রয়োজনে এই ধারাভাষ্যকারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পিছপা হবে না। পাশাপাশি, নিজেদের গ্রীষ্মকালীন মৌসুমে আয়োজিত ম্যাচগুলোতে সংশ্লিষ্ট ধারাভাষ্যকারদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি বা মিডিয়া অ্যাক্রিডিটেশন না দেওয়ার ক্ষমতাও তাদের রয়েছে বলে হুশিয়ারি দেন তিনি।