হোসেনপুরে মারধরে অপমানের পর যুবকের আত্মহত্যা, আদালতে মামলা
হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রকাশ্যে পিটুনি ও অপমানের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে রাজিব (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আদালতে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন।
নিহত রাজিব উপজেলার চর বিশ্বনাথপুর গ্রামের হালিম উদ্দিন ও সেলিমা দম্পতির ছেলে। তিনি ঢাকায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন এবং পরিবার তাঁকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৯ জুলাই সকালে রাজিব নিজ বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পথে অভিযুক্তরা তাঁর পথরোধ করে। পরে ‘মাদকসেবী’ অপবাদ এনে তাঁকে একটি মেহগনি গাছের সাথে বেঁধে লাঠি, জুতা ও কিল-ঘুষি মেরে প্রকাশ্যে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে চরম অপমানজনক ভাষায় গালাগাল করে আত্মহত্যা করার প্ররোচনা দেয়।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা রাজিবকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেন। ওই দিন দুপুরের পর নিজ কক্ষে গামছা পেঁচিয়ে সিলিংয়ের সাথে ফাঁস নেন রাজিব। পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাঁর নিথর দেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মা সেলিমা বেগমের অভিযোগ, ঘটনার পরপরই হোসেনপুর থানায় মামলা করতে গেলেও পুলিশ কেবল একটি অপমৃত্যুর ডায়েরি গ্রহণ করে। বাধ্য হয়ে তিনি কিশোরগঞ্জের ৩ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩০৬ ও ৩৪ ধারায় ৫ জনের নাম উল্লেখ করে বিচার চেয়ে মামলা করেন।
মামলার আসামিরা হলেন—একই গ্রামের ফারুক মিয়া, উজ্জ্বল মিয়া, জজ মিয়া, কফিল ও আনন্দ। বিজ্ঞ আদালত আবেদনটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনি নির্দেশের আদেশ দিয়েছেন।
এআইএল/সকালবেলা
|