বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে রিপন রায় (৪৪) নামের এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গৌরনদী থানাধীন খাঞ্জাপুর গ্রামের মৃধা বাড়ির সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন রায় বরিশালের বিমানবন্দর (এয়ারপোর্ট) থানার কাশিপুর ইছাকাঠী কলোনীর মৃত পিটার রায়ের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে রিপন রায় নিজের ডিসকাভার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৬৬-৫৪১০) চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গৌরনদীর খাঞ্জাপুর এলাকা অতিক্রম করার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তিনি মহাসড়কের ওপর আছড়ে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|