ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে অতিষ্ঠ গোপালগঞ্জবাসী
হেলাল মুন্সী, বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জ পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চরম যানজট ও নাগরিক ভোগান্তি সৃষ্টি হয়েছে। যত্রতত্র পার্কিং, উল্টো পথে চলাচল এবং অদক্ষ চালকদের ট্রাফিক আইন অমান্য করে যাত্রী ওঠানামার কারণে শহরের প্রধান সড়কগুলো প্রতিনিয়ত স্থবির হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে পথচারীদের হাঁটাচলাই দায় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের এ যানজটে আটকে গিয়ে চরম বিপাকে পড়ছেন ব্যবসায়ী, চাকরিজীবী ও রোগী বহনকারী যানবাহনগুলো।
শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, সকালে ও ছুটির সময়ে তীব্র যানজটের কারণে তারা সময়মতো ক্লাসে বা পরীক্ষায় অংশ নিতে পারছে না। প্রতিদিন একই ভোগান্তির শিকার হয়ে তারা অবিলম্বে রিকশা নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ফারিহা তানজিম বলেন, “অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার যত্রতত্র চলাচল বন্ধে খুব শিগগিরই বিশেষ অভিযান চালানো হবে। শহরের ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
গোপালগঞ্জবাসীর দাবি—ছবিযুক্ত লাইসেন্স প্রদান, নির্দিষ্ট রুট নির্ধারণ, পার্কিং জোন স্থাপন ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
এআইএল/সকালবেলা
|