বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ শাহারিয়ার সৈকত (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট ফুলবাড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ শাহারিয়ার সৈকত বাগেরহাট সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে বাগেরহাট থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সৈকত সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে মারাত্মক আঘাত পান।

খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ পরিচালনা করে ভুক্তভোগীকে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বাগেরহাট-খুলনা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়িটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছে। পলাতক ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন