ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার (২৫ মার্চ ২০২৬) রাতে উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মহাসড়কের পূর্ব পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত সাফিজ উদ্দিন সাফি সর্দারের দুই ছেলে স্বাধীন (২৮) ও শাহাদাত সর্দার (২৫)। এছাড়া টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মৃত শফি মিয়ার ছেলে মো. আকাশ (২৭) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মৃত ইব্রাহিমের ছেলে মো. শাকিল (২৫)। আকাশ ও শাকিল বর্তমানে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একদল ডাকাত চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী গাড়ি ও পথচারীদের নিকট ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও কয়েকজন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ধারালো লম্বা ছুরি, লোহার চাপাতি এবং লম্বা কালো রঙের বিদ্যুতের কেবল উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ