মার্কিন যুদ্ধবিমানে ইরানের হামলার দাবি, ভিডিও প্রকাশ

মার্কিন যুদ্ধবিমানে ইরানের হামলার দাবি, ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ উপকূলে সিস্তাত-বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর এলাকায় একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা এই দাবি করেছে। খবর বিবিসির।

সংবাদমাধ্যমটির প্রকাশিত খবরে বলা হয়েছে, গতকাল ইরানের গণমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৮ যুদ্ধবিমান উড়ে যেতে দেখা যাচ্ছে। ওই ভিডিওগুলোর অন্তত একটি চাবাহার বন্দর এলাকার টিস সেতুর কাছে ধারণ করা হয়েছে। প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, উড়ন্ত এফ-১৮ যুদ্ধবিমানটিতে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং এর লেজের দিকে বিস্ফোরণ হয়। তবে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে কি না তার কোনো ভিডিও বা প্রমাণ দেখা যায়নি।

এদিকে, ওয়াশিংটন এই দাবিকে মোটেও আমলে নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের দাবিকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ তারা দাবি করছে, দেশটির কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এই এফ/এ-১৮ হর্নেট বা সুপার হর্নেট যুদ্ধবিমানগুলো মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোরের অন্যতম প্রধান শক্তি হিসেবে পরিচিত। এগুলো মূলত বিমানবাহী রণতরী থেকে পরিচালনার উপযোগী বহুমুখী যুদ্ধজাহাজ। এগুলো প্রায়শই আরব সাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন স্ট্রাইক গ্রুপগুলোর পক্ষ থেকে নিয়মিত টহল ও সামরিক অভিযানে ব্যবহার করা হয়। তুকিয়ে টুডে তাদের এক্স অ্যাকাউন্টে এফ-১৮ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করেছে। খবর: বিবিসি, তুকিয়ে টুডে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন