ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। (ছবি: সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রাখতে ‘ডিপ স্টেট’ বা পর্দার অন্তরালের প্রভাবশালী গোষ্ঠী বিশেষ কৌশল সাজিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপি-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৬ মার্চ ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপি আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
আসিফ মাহমুদ দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার শুরুর দিকে ‘ডিপ স্টেট’ হিসেবে পরিচিত শক্তিশালী কিছু প্রতিষ্ঠান প্রস্তাব দিয়েছিল যে, শেখ হাসিনার বাকি থাকা মেয়াদ অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত সরকার পরিচালনা করতে। বিনিময়ে তারা সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিল।
তিনি জানান, নির্দিষ্ট কিছু শর্তে তাদের সাথে সমঝোতা করার একটি রোডম্যাপও দেওয়া হয়েছিল। সেই পরিকল্পনায় ছিল বিএনপির শীর্ষ নেতাদের সাজা বহাল রাখা বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা দীর্ঘায়িত করা, যাতে তাঁরা নির্বাচনে অংশ নিতে না পারেন। বিশেষ করে তারেক রহমানের সাজা বজায় রেখে তাঁকে নির্বাচনের বাইরে রাখার কৌশলও সেই পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল।
আসিফ মাহমুদ বলেন, "আমরা সেই সমঝোতায় সায় দিইনি। আমরা সবসময় গণতন্ত্রকে প্রাধান্য দিয়েছি এবং সেই প্রতিশ্রুতির কারণেই সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে আমরা নিজেরা পদত্যাগ করেছি।"
তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিগত সরকারের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিকে মন্ত্রী পদমর্যাদায় বসিয়ে বর্তমান সরকার ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি প্রশ্ন তোলেন, সাংবিধানিক ধারাবাহিকতার যে বয়ান এখন দেওয়া হচ্ছে, তা আসলে সুবিধাবাদী অবস্থান থেকে তৈরি কি না।
আসিফ মাহমুদের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর মতে, ‘ডিপ স্টেট’ বা এজেন্সির সাথে সমঝোতা করলে তৎকালীন সরকার ২০২৯ সাল পর্যন্ত অনায়াসে ক্ষমতায় থাকতে পারত, কিন্তু তারা নীতিগত কারণে সেই পথে হাঁটেনি।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ