ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) : নীলফামারীর ডোমার উপজেলায় পরকীয়া সম্পর্কের টানাপড়েন ও টাকা লেনদেনকে কেন্দ্র করে এক গৃহবধূর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় গত বুধবার (২৫ মার্চ ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাথী রানী (২৮) ওই এলাকার দিলীপ রায়ের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের পাঙ্গা মটকপুর ইউনিয়নের কৃষ্ণ রায় নামে এক যুবকের সঙ্গে সাথী রানীর পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের দাবি, ওই যুবক প্রায়ই তাদের বাড়িতে আসতেন। একপর্যায়ে সাথী রানী তাকে ১০ হাজার টাকা ধার দেন। সম্প্রতি সেই টাকা ফেরত না দিয়ে কৃষ্ণ রায় উল্টো সাথী রানীর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অপমানে আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের সাত বছর বয়সী ছেলে সৌরভ রায় জানায়, ওই লোকটি প্রায়ই তার মায়ের সঙ্গে দেখা করতে আসত। অবুঝ শিশুটির এই বক্তব্য ঘটনাটিকে আরও জোরালোভাবে আলোচনায় নিয়ে এসেছে।
স্ত্রীর এমন মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন স্বামী দিলীপ রায়। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমি জানতাম না আমার স্ত্রীর এমন কোনো সম্পর্ক ছিল। আমার তিনটি ছোট ছোট সন্তানকে রেখে সে চলে গেল। এখন ওদের দেখভাল কে করবে? ওরা কাকে মা বলে ডাকবে?”
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বাবু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পুলিশকে জানান। পরে ডোমার থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ