ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাটোর প্রতিনিধি: নাটোর-বগুড়া মহাসড়কে গরুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে আব্দুল আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর টেলিভিশন সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলী জেলার সিংড়া উপজেলার বন্দর আড়পাড়া শেরকুল গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আলী নাটোর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে টেলিভিশন সেন্টার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি গরুবোঝাই ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ