ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শ্রীপুর স্মৃতিসৌধ ‘৭১’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।
ভোরে শ্রীপুর স্মৃতিসৌধ ‘৭১’-এ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম। এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটির অন্যতম আকর্ষণ ছিল শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শারীরিক কসরত প্রদর্শন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরাঙ্গনাদের মাঝে সম্মাননা স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য ত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এবং সংসদ সদস্যের নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শ্রীপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে দেশাত্মবোধক গান ও আলোকসজ্জার মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ