আক্কেলপুরে ৭২ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪
বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে অভিযান চালানো হয়। ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিশেষ টহলদল ও এসআরবির সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে প্রথমে মূর্তিসহ শ্রী মুকুল চন্দ্র মণ্ডল ও মো. কামাল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যতম সহযোগী মো. হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করে যৌথ দল।
আটক ব্যক্তিরা হলেন—আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মূর্তিটি সীমান্ত পার করে ভারতে পাচারের উদ্দেশে মজুত রাখা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মূর্তিসহ তাঁদের আক্কেলপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা