সরকারি হাসপাতালের সামনে মিলবে না ক্লিনিকের অনুমোদন

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
সরকারি হাসপাতালের সামনে মিলবে না ক্লিনিকের অনুমোদন

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: সরকারি হাসপাতালের সামনে নতুন করে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া বর্তমানে অনুমোদিত ক্লিনিকগুলো যদি যথাযথ সেবা ও শর্ত মেনে পরিচালিত না হয়, তবে সেগুলোর নিবন্ধনও বাতিল করা হবে।

উপজেলা হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সাপের কামড়ে রোগীর মৃত্যুর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুত রয়েছে। তবে সাপে কাটার পর হাসপাতালে নিয়ে আসতে দেরি করায় অনেক সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাই কোনো ধরনের ওঝা বা ঝাড়ফুঁকের ওপর ভরসা না করে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যখাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী আরও জানান, আগামী অক্টোবর মাস থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে এখানে রোগীদের জন্য ১০ বেডের ডায়ালাইসিস ইউনিট, আধুনিক প্যাথলজি ল্যাব এবং নারী-পুরুষের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালু করা হবে।

পরিদর্শনকালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন তিথিসহ অন্যান্য স্থানীয় কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন