মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান

মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান

মোঃ দুলাল সরকার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরে তীব্র যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার মুক্তারপুর, সিপাহীপাড়া মোড়, কাচারি মোড় এবং মুন্সীগঞ্জ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অস্থায়ী দোকান ও মালামাল সরিয়ে দেওয়া হয়, যার ফলে দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকটা লাঘব হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

উচ্ছেদ অভিযানের পাশাপাশি আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংও করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত দামে বিক্রির বিষয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়। কোনো অসাধু ব্যবসায়ী যাতে কারসাজি করে অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সেজন্য কঠোর সতর্কবার্তা দেয় প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজট নিরসন এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ঝটিকা অভিযান ও নিয়মিত নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন