হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ‘মব’ হিসেবে দেখার প্রবণতা নিয়ে তিনি সতর্ক করে বলেছেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়, অনেক ক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন অপরাধ। মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়ে মন্ত্রী বলেন, তালিকা প্রকাশ করলে রাজনৈতিকভাবে প্রভাবিত বা বিকৃত হওয়ার ঝুঁকি থাকে, তাই পেশাদারভাবে তালিকা তৈরি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সমুদ্র সৈকতের শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, সৈকতে থাকা অবৈধ স্থাপনা জেলা প্রশাসনের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হবে। এছাড়া দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন