তুরস্কের আকাশসীমা লঙ্ঘন: ইরানকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের

তুরস্কের আকাশসীমা লঙ্ঘন: ইরানকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের

ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ‘তুরস্ক কোনোভাবেই তা ক্ষমা করবে না’ এবং ‘প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে’।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাঁধার পর থেকে এ পর্যন্ত দু’বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। প্রথমবার গত ৪ মার্চ এবং দ্বিতীয়বার গত সোমবার (৯ মার্চ) এই ঘটনা ঘটে। দুইবারই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী।

সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোয়ান। সেই ফোনালাপে তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও তুরস্ক ক্ষয়ক্ষতির ঝুঁকিতে আছে। প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোকে ‘বেআইনি হস্তক্ষেপ’ উল্লেখ করে এরদোয়ান আরও বলেন, বন্ধু ও ভাতৃপ্রতিম দেশগুলোতে হামলায় কারো কোনো স্বার্থ আদায় হবে না এবং আঙ্কারা কখনও এ ধরনের কার্যক্রম অনুমোদন করবে না।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এরদোয়ান। তার অভিযোগের জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেছেন, আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন