জ্বালানি তেলের সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন

জ্বালানি তেলের সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশের জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্থিরতা এখনও কাটেনি। যে কারণে সকালেই রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে লোকজনকে তেল কিনতে হচ্ছে। তবে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী জ্বালানি বিভিন্ন স্টেশনে মিলছে বলে জানিয়েছেন চালকরা।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার নিয়ে সারিবদ্ধ দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় চালকদের। রাজধানীর আসাদগেট সোনার বাংলা সার্ভিস স্টেশনে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল নিতে আসা আমজাদ হোসেন বলেন, যাতে দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয় সেজন্য সকাল সকাল এলাম। এসে দেখি এখানেও দীর্ঘ লাইন। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যে তেল নিয়ে যেতে পারবো।

প্রাইভেটকার চালক ইদ্রিস মিয়া অভিযোগের সুরে বলেন, সীমিত পরিমাণে তেল দেওয়ায় তাদের দৈনন্দিন চাহিদা পূরণ হচ্ছে না। বর্তমানে ব্যক্তিগত কারে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার তেল দেওয়া হচ্ছে। ফলে অনেক চালক এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল খুঁজতে বাধ্য হচ্ছেন। আরেক মোটরসাইকেল চালক রবিউল হুসাইন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে এক ঘণ্টার পর তেল পেয়েছি। তিনি জানান, আজ সোনার বাংলা স্টেশন মোটরসাইকেলের জন্য ৫০০ টাকা পর্যন্ত তেল দিচ্ছে, যা দিয়ে অন্তত দুই দিন বেশি চালানো যাবে।

ফিলিং স্টেশনের দায়িত্বশীলরা বলছেন, তাদের কাছে যতক্ষণ জ্বালানি তেল থাকে ততক্ষণ বিক্রি করে থাকেন। বিপিসি থেকে চাহিদার তুলনায় তেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে, অথচ চাহিদা অনেক বেশি। তবে আগের তুলনায় লাইনের দৈর্ঘ্য কিছুটা কমেছে এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন