মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী ঘোষিত আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুর ২টার দিকে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে রেইনট্রি গাছের চারা তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম. মঞ্জুরুল করিম ফকির, সাবেক অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা যুবনেতা মিজানুর রহমান পাখিসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
চারা বিতরণ শেষে বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ বলেন, “শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হবে না, প্রতিটি গাছকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজের বসতবাড়ির আশপাশে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় অন্যদেরও সচেতন ও উৎসাহিত করতে হবে।” জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
|