গাজীপুরে ১২টি ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত পার্শ্ববর্তী প্রায় ১২টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন ও সংলগ্ন ঝুট গুদামগুলোতে এ আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ একটি গোডাউনে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই বাতাসের তীব্রতায় আগুন পাশের প্রায় ১২টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা, পলি ও ঝুটজাতীয় সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। গোডাউন মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালপত্র পুড়ে গিয়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে প্রাথমিকভাবে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে আশেপাশের স্টেশন থেকে আরও ২টি ইউনিট যুক্ত হয়ে মোট ৫টি ইউনিট সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, "ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। প্রথমে ৩টি এবং পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হলেও আমাদের ৫টি ইউনিটের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।"
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
|