নেপালের বন্যা ও ভূমিধসে মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
জাতীয় ডেস্ক: নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে জরুরি মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।
আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে পর্যাপ্তসংখ্যক তাঁবু, মশারি, শুকনা খাবারের প্যাকেট, টর্চ লাইট, খননকাজে ব্যবহৃত বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কনটেইনার এবং উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় বডি ব্যাগসহ অন্যান্য জরুরি উপকরণ।
প্রাকৃতিক এই দুর্যোগের শুরু থেকেই বাংলাদেশ সরকার নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বন্ধুত্বপূর্ণ দেশটির জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দ্রুততম সময়ের মধ্যে এই সহায়তা সামগ্রী নেপালে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
|