মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মিনি ট্রাক ও বড় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম খান (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ট্রাকের চালক ও শ্রমিকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুরের ডাসার থানাধীন পান্তাপাড়া ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নাঈম খান মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের কুলপদ্দী গ্রামের বাসিন্দা এবং দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে পান্তাপাড়া এলাকায় বরিশালগামী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে স্টিয়ারিংয়ের সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মিনি ট্রাকচালক আবু নাঈম খানের মৃত্যু হয়।
দুর্ঘটনায় বড় ট্রাকের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকে থাকা চারজন গুরুতর আহত হন। আহতরা হলেন—বড় ট্রাকের চালক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রামের জুয়েল (৩৫), হেলপার একই উপজেলার এলোবাদী গ্রামের সজীব (২৫), ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের শ্রমিক আমিরুল (৩২) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেল এলাকার শ্রমিক লাভলু (৩০)।
ভোরের এই বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডাসার থানা পুলিশ সদস্যরা এসে উদ্ধারকাজে অংশ নেন। তাঁরা মিনি ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ বের করেন এবং আহত চারজনকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে জানান, ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই দুর্ঘটনার বিষয়ে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|