নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত
আবু ইউসুফ (নওগাঁ প্রতিনিধি): নওগাঁর মহাদেবপুরে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পরেশ চন্দ্র বর্মন (৫৮) নামের ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন হীরেন চন্দ্র বর্মন। পথিমধ্যে নজিপুরের দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগতির অ্যাম্বুলেন্স ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ও যাত্রী উভয়েই সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক নীরেন চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত পরেশ চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা