ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আহাদুজ্জামান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জমি জালিয়াতি ও জাল দলিল তৈরির মামলায় নিম্ন আদালত থেকে খালাস পাওয়া দুই আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। আওয়ামী শাসনামলে ক্ষমতার দম্ভে জমি দখল করে রাখা এই দুই প্রভাবশালী আসামির বিরুদ্ধে আপিল করার মাত্র চার মাসের মাথায় এই রায় দিয়ে বিচার বিভাগ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ এই সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—গৌতম ভট্টাচার্য খুদু এবং তার বোন জামাই আবুল কালাম আজাদ।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর পৌরসভার তেতুলতলা এলাকার স্বরমঙ্গল মৌজায় জনৈক সেলিম শেখের কাছ থেকে ৮ শতাংশ জমি ক্রয় করেন সানোয়ার হোসেন ও সৌদি প্রবাসী সেলিম শরীফ। ২০১৫ সালে জমিটি ক্রয়ের পর সেখানে গাছ রোপণ করতে গেলে বাধার সৃষ্টি করেন বিক্রেতা সেলিম শেখের পূর্ববর্তী মালিক গৌতম ভট্টাচার্য খুদু। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বোন জামাই আবুল কালাম আজাদের নামে একটি জাল দলিল তৈরি করেন এবং জোরপূর্বক জমিটি দখল করে রোপণকৃত গাছপালা কেটে ফেলেন। জমি ফেরত পেতে সানোয়ার হোসেন বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ অনুযায়ী ২০২৪ সালের ২৮ এপ্রিল মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ৩১ আগস্ট নিম্ন আদালতের বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।
নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বাদীপক্ষের আইনজীবী রেজাউল করিম রেজা একই বছরের ৫ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। উচ্চ আদালত বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে মাত্র চার মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে। সাক্ষ্য-প্রমাণে জালিয়াতি প্রমাণিত হওয়ায় আদালত আসামি গৌতম ভট্টাচার্য ও আবুল কালাম আজাদকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডাদেশ দেন। তবে রায় ঘোষণার ঠিক আগ মুহূর্তে আসামিরা সময় প্রার্থনার আবেদন করে সুকৌশলে আদালত চত্বর ত্যাগ করায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দ্রুততম সময়ে ন্যায়বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জমির প্রকৃত মালিকরা। সরকারিভাবে জমিটি বুঝে পাওয়ার দাবি জানিয়েছেন তারা। পাবলিক প্রসিকিউটর এই রায়কে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ