শিক্ষার মানোন্নয়ন চাই, ইট-পাথরের অট্টালিকা নয়: ডেপুটি স্পিকার

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ
শিক্ষার মানোন্নয়ন চাই, ইট-পাথরের অট্টালিকা নয়: ডেপুটি স্পিকার

নূর আলম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: “আমাকে গতানুগতিক ধারার কোনো রাজনৈতিক কর্মী বা এমপি হিসেবে দেখবেন না। শুধু ইট-পাথরের দালানকোঠা নির্মাণ করে উন্নয়নের প্রমাণ দিতে চাই না; আমি চাই আমাদের এই অঞ্চলের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও মানবিক উন্নয়ন।”

নেত্রকোণার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি) মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এবতেদায়ি, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া ও দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

অনুষ্ঠানে নারী শিক্ষার্থীদের ফলাফলের ভূয়সী প্রশংসা করে ডেপুটি স্পিকার বলেন, সাধারণ শাখায় ২৮ জন জিপিএ-৫ প্রাপ্তের মধ্যে ২১ জনই নারী শিক্ষার্থী।

তবে এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “তিনটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৪০ শতাংশের নিচে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় গড়ে তোলা।”

আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে ডেপুটি স্পিকারের ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের বিশ্বখ্যাত সাহিত্যিক লিও টলস্টয়ের ‘How Much Land Does a Man Need?’ বইটি উপহার দেওয়া হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন