সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চাইল দুদক

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ণ
সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চাইল দুদক

সকালবেলা অনলাইন: অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্র জানায়, এই দম্পতি একাধিক মামলায় বর্তমানে কারাগারে অবস্থান করায় তাঁদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় সরাসরি নোটিশ পৌঁছানো সম্ভব হয়নি। ফলে সংশ্লিষ্ট কারাগারের জেল সুপারদের মাধ্যমে তাঁদের কাছে সম্পদ বিবরণী পেশের নির্দেশপত্র জারি করা হচ্ছে।

দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তাঁদের নিজেদের, স্পাউস (স্ত্রী/স্বামী) এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, আয়ের উৎস ও দায়-দেনার বিস্তারিত তথ্য নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

বর্তমানে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে এই দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক হওয়ার প্রাথমিক তথ্য-প্রমাণ ও ভিত্তি পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বিমানবন্দর থেকে আটকের পর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তাঁরা দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন