হরমুজ ও ক্যালিফোর্নিয়া নিয়ে ট্রাম্প-ইরান বাকযুদ্ধ

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ
হরমুজ ও ক্যালিফোর্নিয়া নিয়ে ট্রাম্প-ইরান বাকযুদ্ধ
ট্রুথ সোশ্যাল ও এক্সে দুই দেশের পাল্টাপাল্টি মানচিত্র প্রকাশের বিতর্ক। (ছবি: সংগৃহীত)

জলপথের ওপর সার্বভৌমত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জের ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নজিরবিহীন এক মনস্তাত্ত্বিক বাকযুদ্ধে জড়িয়েছে ইরান।

সম্প্রতি ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে প্রণালিটিকে ‘NEW US Territory’ বা ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়। এমনকি হোয়াইট হাউজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকেও পোস্টটি পুনঃশেয়ার করা হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ইরানের পাল্টা জবাব ও ক্যালিফোর্নিয়া সংকেত:

ট্রাম্পের এই পোস্টের পরপরই ইরানের সরকারি পেজ ‘ইরান ইন হায়দরাবাদ’ থেকে আমেরিকার মানচিত্র পোস্ট করে সেখানকার সবচেয়ে বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করা হয়। মানচিত্রের ওপর লিখে দেওয়া হয়— ‘NEW TERRITORY OF ISLAMIC REPUBLIC OF IRAN’ (ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড)।

প্রতিবাদে ক্যালিফোর্নিয়াকে বেছে নেওয়ার পেছনে স্পষ্ট ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ইরানের বাইরে বিশ্বজুড়ে সবচেয়ে বড় ইরানি কমিউনিটি বসবাস করে। লস অ্যাঞ্জেলেসের ‘ওয়েস্টউড’ এলাকাটি বিশ্বজুড়ে অনানুষ্ঠানিকভাবে ‘তেহরাঞ্জেলেস’ (Tehrangeles) নামেই সমাধিক পরিচিত।

কূটনৈতিক হুঁশিয়ারি:

বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, আন্তর্জাতিক সমুদ্রসীমা ও হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে বিভ্রান্তিকর মনোভাব দেখাচ্ছেন, সময় থাকতে হয় তিনি নিজেই তা শুধরে নেবেন, অন্যথায় ইরান উপযুক্ত জবাবে তা সংশোধন করে দিতে বাধ্য হবে।

মন্তব্য করুন