ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায় আগামীকাল
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: বহুল আলোচিত ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) রায় কাল সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করবেন হাইকোর্ট।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় ১৬ জন আসামির সবাইকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছিলেন। বিচারিক আদালতের সেই রায় অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী নথি হাইকোর্টে আসে এবং আসামিপক্ষও আপিল ও জেল আপিল দায়ের করে। নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত স্পর্শকাতর মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে এই বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন।
মামলার বাদী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, "আমরা বিচার বিভাগের প্রতি শতভাগ আস্থাশীল। নিম্ন আদালতের মতো উচ্চ আদালতেও আমরা ন্যায়বিচার পাব বলে আশা করি।"
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন নুসরাতের মা। এর জেরে ৬ এপ্রিল পরীক্ষার কেন্দ্র থেকে ছাদে ডেকে নিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।
এআইএল/সকালবেলা
|