বাগেরহাট জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ
মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি: অসহায় ও অসচ্ছল ১৩ জন রোগীর চিকিৎসার জন্য এবং জেলার ১৮টি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছে বাগেরহাট জেলা পরিষদ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে চিকিৎসাসেবা বাবদ ১৩ জন অসচ্ছল রোগীর মাঝে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা এবং ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য ৩৪ লাখ টাকার দ্বিতীয় কিস্তির অর্থ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় রোগীদের পাশে দাঁড়ানো ও স্থানীয় ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে জেলা পরিষদের এই অর্থ সাহায্য অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|