জামালপুরে ১৮ বস্তা ঘোড়ার মাংস উদ্ধার, আটক ৫

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
জামালপুরে ১৮ বস্তা ঘোড়ার মাংস উদ্ধার, আটক ৫

ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজার এলাকা থেকে পিকআপভর্তি ১৮ বস্তায় মোট ৯০০ কেজি ঘোড়ার মাংস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ভোরে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. নাজমুল হকের দিকনির্দেশনায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টার দিকে নরুন্দি বাজার এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপের ভেতর থেকে ১৮ বস্তা ঘোড়ার মাংস জব্দ এবং পরিবহনকাজে নিয়োজিত পাঁচজনকে আটক করা হয়।

আটকেরা হলেন— জুয়েল (৪০), শহীদ মিয়া (৪০), আলফাজ মিয়া (৪৫), হুমায়ুন (৪৭) ও রাসেল মিয়া (৩০)।

পরবর্তীকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস বিক্রির সাথে সরাসরি জড়িত তিনজনকে ৬ মাস করে এবং পিকআপের চালক ও সহকারীকে ২ মাস করে কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে আসামিদের মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন