চন্দনাইশে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী ঘাটকুল পাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—স্থানীয় সাবেক মেম্বার আব্দুল মুবিনের ভাই মনচুর আলীর ছেলে আলাপ হোসেন এবং তাঁর বোন রানু আক্তারের ছেলে মো. রায়হান। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় সবার অজান্তে অসাবধানতাবশত তারা ঘরের পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে কানাইমাদারী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা
|