ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোর শহরের ব্যস্ত ধর্মতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার সময় আকস্মিক অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় ভয়াবহ বিস্ফোরণ থেকে রক্ষা পেয়েছে সোনালী ফিলিং স্টেশন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ধর্মতলার মেসার্স সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল চালক আব্দুল মান্নান চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ি ফেরার পথে আব্দুল মান্নান ওই স্টেশনে ৪৫০ টাকার তেল নিতে যান। তেল নেওয়ার সময় অসাবধানতাবশত জ্বালানি ‘ওভারফ্লো’ হয়ে ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে। ৪১০ টাকার তেল নেওয়ার পর বাকি টাকা বুঝে নিয়ে তিনি মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে মুহূর্তেই ইঞ্জিনে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলতে শুরু করে।
ঘটনার আকস্মিকতায় পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে উপস্থিত গ্রাহক ও কর্মচারীরা দ্রুত জ্বলন্ত মোটরসাইকেলটিকে ঠেলে পাম্পের নজল ও তেলের ট্যাংক থেকে দূরে ফাঁকা স্থানে সরিয়ে নিয়ে যান। স্থানীয়দের মতে, দ্রুত সরিয়ে না নিলে বড় ধরনের বিস্ফোরণে প্রাণহানি ও ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল।
খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করেন।
এই দুর্ঘটনায় মোটরসাইকেলটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞরা জানান, ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় ইঞ্জিন বন্ধ রাখা এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ