গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তে  সাতক্ষীরায় আনন্দ মিছিল

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ণ
গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তে  সাতক্ষীরায় আনন্দ মিছিল
শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে মিছিল ও সমাবেশ

মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আটুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নওয়াবেঁকী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের তথ্যমতে, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলো সাংগঠনিক তদন্তের মাধ্যমে পর্যালোচনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা মিছিল ও সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটুলিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা মাহবুবুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মহসিন আলম এবং নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান।

মন্তব্য করুন