বেড়িবাঁধ নির্মাণে আগের অনিয়ম-দুর্নীতির তদন্ত করা হবে: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: যমুনা নদীর প্রলয়ঙ্করী ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গোপালপুর উপজেলার নলীন বাজার সংলগ্ন শাখারিয়া এলাকায় যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগের সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হবে। পাশাপাশি টেকসই ও পরিকল্পিতভাবে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
প্রতিমন্ত্রী বলেন, “স্বল্পমেয়াদি নয়, স্থায়ী সমাধানের লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। পরিকল্পিতভাবে বেড়িবাঁধ নির্মাণ এবং নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
তিনি জানান, নদীভাঙন রোধে ইতোমধ্যে জরুরি ভিত্তিতে প্রায় ২৫ হাজারের বেশি জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলা হয়েছে। এছাড়া ভূঞাপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত পরিকল্পিতভাবে একটি স্থায়ী প্রতিরক্ষা বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
পরিদর্শনকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, ভূঞাপুর ও গোপালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যমুনা নদীর তীব্র স্রোতে শাখারিয়া এলাকায় আঞ্চলিক মহাসড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় ওই রুটে বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
|