স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
জাতীয় প্রধান: বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। স্বাস্থ্য খাতের সার্বিক সম্প্রসারণ ও চিকিৎসাসেবার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
আজ শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিন দিনব্যাপী ৩ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের বিনামূল্যে হৃদরোগ শনাক্তকরণ ও উন্নত চিকিৎসা সেবাদান কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীনের বিখ্যাত 'ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল'-এর শিশু হৃদরোগ বিভাগ এবং ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ কারিগরি সহায়তায় এই চিকিৎসা শিবিরের আয়োজন করে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন।
চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও দীর্ঘদিনের কূটনৈতিক বন্ধুত্বের প্রসঙ্গ তুলে ধরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, "সাবেক দূরদর্শী রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান চীনের সঙ্গে যে অকৃত্রিম বন্ধুত্বের সূচনা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফল চীন সফরের মাধ্যমে সেই বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে।"
রাজশাহীতে স্বাস্থ্যসেবার অবকাঠামোগত সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, শহরের প্রধান কোর্ট-নাটোর রোড থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাতায়াতের সংযোগ সড়কটি দ্রুত প্রশস্ত করার জন্য একটি বিশেষ রূপরেখা ও প্রকল্প গ্রহণ করা হবে। এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে তিনি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ) প্রয়োজনীয় দাপ্তরিক নির্দেশ প্রদান করেন। তা ছাড়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দ্বিতীয় পর্যায়ের অবকাঠামোগত ও চিকিৎসা সরঞ্জাম উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদান বরাদ্দের আশ্বাস দেন তিনি।
বক্তব্যে মন্ত্রী চীনের আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজশাহীতে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর জোর তাগিদ দেন।
রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হসপিটালের ডেপুটি ডাইরেক্টর ইনচার্জ ও প্রতিনিধিদলের দলনেতা লু-জিয়াং, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. মো. আতাউল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালটেন্ট ও ডাইরেক্টর ডা. মো. রইছ উদ্দিন এবং প্রতিষ্ঠানের সহ-সভাপতি মো. হাসেন আলী ও মো. মাকসুদুল করিম সম্রাটসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
|