নাসিরনগরে ১২টি ১ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ণ
নাসিরনগরে ১২টি ১ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক
নাসিরনগরে জাল নোটসহ আটক যুবক ও উদ্ধার হওয়া ১ হাজার টাকার জাল নোট (ফাইল ছবি)।

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল বাজার থেকে ১ হাজার টাকার ১২টি জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের কলাপট্টিতে মো. ফেরদৌস মিয়ার কলার দোকানে এক ব্যক্তি কলা কিনে ১ হাজার টাকার একটি নোট দেন। নোটটি জাল বলে সন্দেহ হলে দোকানদার ও স্থানীয়রা তাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একই সিরিয়ালের আরও ১২টি এক হাজার টাকার জাল নোট (মোট ১২ হাজার টাকা) উদ্ধার করা হয়।

খবর পেয়ে নাসিরনগর থানার এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জাল নোটগুলো জব্দ করেন এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান।

আটক ব্যক্তি মো. লিটন মিয়া (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালি শিমুল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় এসআই মাহবুব আলম সরকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫এ(বি)/২৫(ডি) ধারায় নাসিরনগর থানায় একটি মামলা (মামলা নং-১৭, তারিখ: ২৪ জুলাই ২০২৬) দায়ের করেছেন। জাল নোট চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন