কয়রায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে হত্যা

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ
কয়রায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে হত্যা

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় গভীর রাতে বসতঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে শ্রী ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্ত্রী। 

রবিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

নিহত ভবতোষ মৃধা উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের মৃত অরবিন্দ মৃধার ছেলে। তিনি স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসী’র স্বত্বাধিকারী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ভবতোষ মৃধার বসতঘরের অ্যালবেস্টারের বেড়ার নিচের মাটি সরিয়ে (সিঁধ কেটে) ঘরের ভেতরে প্রবেশ করে। টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে দুর্বৃত্তরা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্বামীকে বাঁচাতে নিহতের স্ত্রী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ভবতোষকে উদ্ধার করে দ্রুত স্থানীয় জায়গীরমহল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের বিছানায় শুয়ে নিহতের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, "এর আগেও দুই-তিন দিন আগে চোরেরা চুরির উদ্দেশ্যে আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু আমরা টের পেয়ে যাওয়ায় তারা পালিয়ে যায়। গতরাতেও যখন ঘরের ভেতর লোক ঢোকে, আমরা বুঝতে পারি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা আমার স্বামীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আমাদের চোখের সামনে ওনাকে শেষ করে দিল। আমি এই খুনিদের ফাঁসি চাই।"

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে বাধা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো পূর্বশত্রুতা বা জমিজমা সংক্রান্ত বিরোধ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে।” এই নৃশংস হত্যাকাণ্ডের পর গিলাবাড়ি বাজারসহ গোটা মহেশ্বরীপুর ইউনিয়ন জুড়ে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় কয়রা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন