ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হাইটেক সিটি এলাকায় সূর্যমুখী চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধী এবং অধিক পুষ্টিগুণ সম্পন্ন এই শস্য চাষে খরচ কম ও লাভ বেশি হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। বিস্তৃত মাঠজুড়ে এখন হলুদের সমাহার, যা দেখতে জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।
সূর্যমুখী বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন পেশার মানুষ এখানে আসছেন। দর্শনার্থী রুবেল ও হানিফ জানান, বন্ধুদের নিয়ে এই 'ভাইরাল' বাগানে ঘুরতে এসে তাদের খুব ভালো লাগছে। দর্শনার্থী ইতি ও শর্শী আক্তার বলেন, চারপাশের মনোমুগ্ধকর পরিবেশে ছবি তুলতে পেরে তারা দারুণ আনন্দিত।
চাষি মোখলেছুর রহমান জানান, গত বছর পরীক্ষামূলক চাষ করে তিনি প্রায় ৫০-৬০ লিটার তেল পেয়েছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় পরিসরে সূর্যমুখী আবাদ করেছেন। তিনি বলেন, “এই তেল পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি দেশের ভোজ্যতেলের ঘাটতি পূরণেও ভূমিকা রাখবে।” তিনি অন্য কৃষকদেরও বাড়ির আঙিনা ও পতিত জমিতে সূর্যমুখী চাষের আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিসার জাহিদ হাসান জানান, সূর্যমুখী তেল শরীরে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তিনি বলেন, “কৃষি বিভাগ সার্বক্ষণিকভাবে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। সরকারিভাবে কোনো উপকরণ বা সহযোগিতা দেওয়ার সুযোগ থাকলে আমরা অবশ্যই তা নিশ্চিত করছি।”
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ