ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের সঙ্গে করা নির্বাচনী অঙ্গীকার পূরণের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড কেবল একটি সহায়তার মাধ্যম নয়, এটি নারীর ক্ষমতায়নের এক বড় শক্তি। এই কার্ড নারীকে পরিবারের প্রধান হিসেবে তার অবস্থানে দৃঢ় থাকতে সহায়তা করবে।’
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, মা-বোনেরা সবাই পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন এবং এটি ঘরে ঘরে পৌঁছানো কেবল সময়ের ব্যাপার।
ঠাকুরগাঁওয়ের উন্নয়নের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতির চাকা সচল করতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। এছাড়া শিক্ষিত তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় চালুর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
মাদকের ভয়াবহতা রোধে পুলিশ-প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে মা-বাবাসহ সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা হতাশ হবেন না। আমাদের অন্য কোনো ব্যক্তিগত স্বার্থ বা এজেন্ডা নেই; যতদিন দায়িত্বে আছি, জনগণের সেবা করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ