কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

পুলক কিশোর গুপ্ত, কিশোরগঞ্জ: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ ) বেলা ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মূল আকর্ষণ ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পরিচালনায় দুর্যোগ সচেতনতামূলক মহড়া। মহড়ায় ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত জানমাল রক্ষা, উদ্ধার অভিযান এবং প্রাথমিক চিকিৎসা পরিচালনা করতে হয়, তা বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম

আয়োজকরা জানান, দুর্যোগপ্রবণ বাংলাদেশে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবিলায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন