ডেঙ্গুর ভুল ব্যবস্থাপনা রুখতে ৪০ জেলায় ১৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে সর্বাধুনিক ও বিজ্ঞানভিত্তিক ডেঙ্গু চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একযোগে ৪০টি জেলায় ১ হাজার ৬০০ জন চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় 'বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন'-এর বিশেষজ্ঞ অধ্যাপকদের পরিচালনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী এই জরুরি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত 'ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু' শীর্ষক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথির আসনে তিনি জোর দিয়ে বলেন, "চিকিৎসা বা ব্যবস্থাপনার কোনো ভুলের কারণে যাতে একজন ডেঙ্গু রোগীরও প্রাণহানি না ঘটে, সেজন্যই বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণে চিকিৎসকদের দক্ষ করে মৃত্যুর হার শূন্যে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে।"
অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং তৃণমূল ও বিশেষায়িত হাসপাতালের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।
স্বাস্থ্য খাতের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সীমিত সম্পদ সত্ত্বেও চিকিৎসকদের আন্তরিক সেবায় এর মধ্যে ৫৯ হাজার ৮৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যা মোট আক্রান্তের প্রায় ৯৯ শতাংশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৪,৩০০ জন রোগী।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত আরও উল্লেখ করেন যে, আবেগের ভিত্তিতে নয়, বরং রোগতাত্ত্বিক তথ্য (Epidemiological Data) ও বিজ্ঞানভিত্তিক গবেষণার ওপর ভিত্তি করে স্বাস্থ্য খাত সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি চিকিৎসকদের সুরক্ষা ও সামাজিক মর্যাদার ওপর জোর দিয়ে বলেন, স্বাস্থ্যকর্মীদের প্রতি ঢালাও অপপ্রচার বা মিডিয়া ট্রায়াল বন্ধ করে সম্মানজনক পরিবেশ তৈরি করা দরকার।
মূল প্রশিক্ষণ শুরুর আগে সোসাইটি অব মেডিসিনের সার্বিক তত্ত্বাবধানে সাড়ে তিনশত সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসককে 'ট্রেইনার্স ট্রেনিং' (ToT) দেওয়া হয়। তারাই এখন ৪০টি জেলায় ১,৬০০ চিকিৎসককে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন।