কাগজে নয়, বাস্তবে মানুষ কতটুকু সুবিধা পেয়েছে জানতে চাই: প্রতিমন্ত্রী নুরুল হক

কাগজে নয়, বাস্তবে মানুষ কতটুকু সুবিধা পেয়েছে জানতে চাই:  প্রতিমন্ত্রী নুরুল হক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সরকারি বরাদ্দের সুফল সাধারণ মানুষ বাস্তবে কতটুকু পাচ্ছে, তা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, গত পাঁচ বছরে বিভিন্ন দপ্তরে কী পরিমাণ বাজেট হয়েছে এবং সেই অনুযায়ী বাস্তবে কতজন মানুষ সুবিধা পেয়েছে, তার পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক এলজিইডি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ সকল দপ্তরের বিগত পাঁচ বছরের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। বিশেষ করে এলজিইডির চলমান রাস্তা ও ব্রিজের কাজ যারা ঢিলেঢালাভাবে করছে, তাদের দাপ্তরিকভাবে কড়া সতর্কবার্তা বা ‘ওয়ার্নিং’ দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, “জনভোগান্তি দূরীকরণের ক্ষেত্রে কাজের অগ্রগতি না হলে আমরা কার্যাদেশ বাতিল করতে বাধ্য হব। কর্মকর্তাদের চিঠিতে এটি উল্লেখ করতে হবে, যেন পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হলে আমরা আদালতে প্রমাণ হিসেবে দেখাতে পারি যে তাদের বারবার সতর্ক করা হয়েছিল।”

উন্নয়নকাজের মান নিয়ে হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী পানি সম্পদ বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উলানিয়া থেকে বেড়িবাঁধসহ চলমান বড় প্রকল্পগুলোর কাজের মান নিবিড়ভাবে যাচাই করতে হবে। কাজের মান খারাপ হলে ঠিকাদারের পাশাপাশি সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদেরও দায় নিতে হবে। নিম্নমানের ইট বা নির্মাণ সামগ্রী ব্যবহারের খবর পেলে তাৎক্ষণিক জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন। এছাড়া কৃষি খাতে সার বিক্রির রশিদ ও রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ করার বিষয়ে ডিলারদের ওপর কঠোর নজরদারি রাখতে বলেন তিনি। মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী গলাচিপা পৌর এলাকার সিনেমা হলের মোড় থেকে ফিডার রোডের চৌরাস্তা পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন। সভায় উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন